এনসিপিনেতা আখতারের ওপর ডিম ছোড়া যুবলীগনেতা জামিনে মুক্ত, আ.লীগের সংবর্ধনা
- আপডেট সময় : ০৫:০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জামিনে মুক্তি পান তিনি
এর আগে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে বিএনিপর এক নেতার অভিযোগের ভিত্তিতে নিউইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়।
গত সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ড. ইউনূসের প্রতিনিধি দলে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির; এনসিপি সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে জন এফ কেনেডি বিমানবন্দরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালাগাল করা হয়। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন তারা।
এসইউটি/














