দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আফগানিস্তান সফরে আলেমদের প্রতিনিধি দল
- আপডেট সময় : ০১:১৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের তত্ত্বাবধানে এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ছয় সদস্যের এই প্রতিনিধি দল বুধবার (১৭ সেপ্টেম্বর) কাবুলে পৌঁছান।
সফরকালে প্রতিনিধি দলটি আফগান সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিনিয়র ওলামায়ে কেরামের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ধর্মীয় সংলাপ, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা—এসব খাত অগ্রাধিকার পাবে।
এই সফরের আয়োজন করেছে প্রসপার আফগানিস্তান, যুক্তরাজ্যভিত্তিক একটি বেসরকারি সংস্থা, যা আফগানিস্তানের পুনর্গঠন, সংহতি ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। সংস্থাটির পরিচালক ফয়সাল আহমদ বলেন, “এই সফর দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে। বাংলাদেশ ও আফগানিস্তান মুসলিমপ্রধান দেশ হিসেবে দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যে যুক্ত থাকলেও প্রাতিষ্ঠানিক সম্পর্ক সীমিত ছিল। প্রতিনিধি দলের এ সফর সেই ব্যবধান কমাতে সহায়ক হবে।”
অন্যদিকে আফগান সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও তালিব আন্দোলনের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের সহোদর মুফতি আব্দুল মান্নান প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা আশা করি, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”
সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের দ্রুত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানানো হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকেও সংকট মোকাবিলায় দুই দেশের মধ্যে জরুরি সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্রতিনিধি দলে রয়েছেন—মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।
এসইউটি/














