চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভায়
জুলাই সনদের বিরোধীদের সঙ্গে আমাদের মুখোমুখি অবস্থান হবে: মামুনুল হক
- আপডেট সময় : ১১:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, যারা জুলাই সনদের বিরোধিতা করবে, তাদের সঙ্গে মুখোমুখি অবস্থান নিতে হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে জেলার মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দায়িত্বশীল ও বিশিষ্ট ওলামায়ে কেরামের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির আল্লামা আলী উসমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল।
আমিরে মজলিস তাঁর বক্তব্যে বলেন, “২০১৩ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল, যা ২০১৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে সমাপ্ত হয়েছে। আমরা তখন নতুন স্বাধীনতা অর্জন করেছি।” তিনি আরো বলেন, ইসলামী জনতার রক্তদানের মাধ্যমেই জুলাই বিপ্লবের ভীত রচিত হয়েছে, যা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, “শহীদদের রক্তের কৃতজ্ঞতা আদায় করতে হলে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। এজন্য জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের রাজনীতি এগোতে পারবে না। জুলাই সনদের আইনগত বুনিয়াদ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আবারও আমরা রাস্তায় নামবো, এমনকি নতুন আন্দোলনের ডাক দেবো।”
সভায় বক্তারা আরো বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে যাদেরকে মনোনীত প্রার্থী হিসেবে মাননীয় প্রদান করা হয়েছে, নির্বাচন যেভাবেই হোক না কেন, সংশ্লিষ্ট এলাকায় তাদেরকে একজন এমপির মতো মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নিতে হবে। জনগণের আস্থা অর্জন করেই প্রকৃত রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান এবং সংগঠনের সকল দায়িত্বশীলকে মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এসইউটি/














