বিএনপির সঙ্গে জোটে শর্তের কথা জানালেন আমীরে মজলিস মামুনুল হক
- আপডেট সময় : ০৪:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপির সঙ্গে নির্বাচনি জোট বা সমঝোতার সম্ভাবনা এখনো রয়েছে। তবে এ ক্ষেত্রে দুটি বিষয়ের নিশ্চয়তা চান তিনি।
সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মামুনুল হক বলেন, বিএনপির সঙ্গে অতীতে নির্বাচনি জোট ও সমঝোতা হয়েছে। কাজেই এ ধরনের সম্ভাবনা এখনো আছে। তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো— জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়া এবং উচ্চকক্ষে অন্তত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নিশ্চয়তা। এই দুটি ইস্যু আমাদের আগামী নির্বাচনের মেরুকরণ ও জোট নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বিএনপি বা অন্য কোনো জোটে যাওয়ার বিষয়টি শুধু হিসাব-নিকাশ নয়, আদর্শিক দিক থেকেও বিবেচনা করা হবে। ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ এ দুটিকে অগ্রাধিকার দেব। আবারও বলছি, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতির নিশ্চয়তা এই দুটি দাবি আমাদের আগামী নির্বাচনে অবস্থান নির্ধারণ করবে।
জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি যেহেতু ইসলামি আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন নয়, তাই তাদের সঙ্গে জোট করলে অনুসারীরা আদর্শিকভাবে বিভ্রান্ত হবেন না। কিন্তু জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ইসলামি রাজনৈতিক দল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য আছে। তাই জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে জনশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এ নিয়ে প্রশ্ন উঠতে পারে।
সূত্র: যুগান্তর
এসইউটি/














