আমরা একদিনের রাজনীতি করতে আসিনি: হাসনাত আব্দুল্লাহ
- আপডেট সময় : ০৯:৪৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

প্রয়োজনে শুধু দশজন সৎ মানুষ নিয়ে রাজনীতি করলেও তা গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ১০০ বা এক হাজার গুন্ডা থাকার চেয়ে ১০ জন ভালো মানুষ নিয়ে হাঁটা অনেক বেশি সম্মানের। আমরা একদিনের রাজনীতি করতে আসিনি।
রোববার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, মানুষের সঙ্গে যদি উগ্র আচরণ করা হয়, তবে জনগণ মনে করবে এনসিপি উগ্রপন্থী দল। সৎ ও ভালো কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি বলেন, ‘‘আমি যদি একশ কোটি টাকা দুর্নীতির অভিযোগে জড়াই, তাহলে মানুষ বলবে দলটিও খারাপ। তাই নেতাকর্মীদের আচার-আচরণ হতে হবে মানুষকেন্দ্রিক ও জনগণকেন্দ্রিক।’’
তিনি আরও যোগ করেন, অন্য দল অপরাধ করুক বা দুর্নীতিতে লিপ্ত হোক— এনসিপি নেতাকর্মীরা যদি একটি অপরাধেও জড়ান, তাহলে তা জনগণের কাছে বড় আকারে ধরা পড়বে। এজন্য আত্মসমালোচনা ও সংশোধনের ওপর জোর দেন তিনি।
গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জামাল মো. কবির। এতে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসইউটি/














