ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
- আপডেট সময় : ১০:০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটিতে পৌঁছাবে এ ত্রাণ, যেখানে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, বিশুদ্ধ পানি ও ওষুধ। বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর বেশি মানুষ নিহত এবং প্রায় ৩ হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন। এছাড়া ৮ হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ভূমিকম্পের কারণে খাদ্য, পানি, বাসস্থান ও জরুরি চিকিৎসা সেবার সংকটে সার্বিক মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ সরকার মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে এসব ত্রাণ পাঠাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে ত্রাণসামগ্রী আফগানিস্তানে পৌঁছে দেওয়া হবে।
ত্রাণ কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল একযোগে কাজ করছে।
উল্লেখ্য, ২০২২ সালের ভূমিকম্পের পরেও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল।
এসইউটি/















