ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী কাদেরের আক্ষেপ
‘জেতা নয়, বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ’
- আপডেট সময় : ০৭:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের। তবে নির্বাচনি প্রচারণার উত্তাপের মধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন, জেতার চেয়ে বেঁচে থাকাটাই এখন তাঁর জন্য বড় চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া পোস্টে কাদের লিখেছেন, “আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।”
তিনি অভিযোগ করেন, রাজাকার ইস্যু নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকে প্রতিনিয়ত তাঁর ওপর মানসিক চাপ বাড়ছে। ঘুমাতে পারছেন না, মাঝরাতে জেগে উঠছেন, শরীর কেঁপে উঠছে। তাঁর ভাষায়, “একটা মানুষকে নিয়ে আর কত করবেন?”
কাদেরের দাবি, অনলাইনে অব্যাহত হেনস্তার পাশাপাশি তাঁর পরিবারও আক্রমণের শিকার হচ্ছে। তিনি লিখেছেন, “কেবল অনলাইনে এই হেনস্তাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইতো, কিন্তু বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শুনাচ্ছেন!”
তিনি আরও উল্লেখ করেন, “১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পুরো বক্তব্য তুলে ধরলে মানুষ আসল সারমর্ম বুঝতে পারতো। কেবল তো শুরু, আরও ৫ দিন বাকি। ততোদিনে কি যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।”
এসইউটি/














