মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৫:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

মহেশখালী-মাতারবাড়ীতে শুধু গভীর সমুদ্রবন্দর নয়, বরং একটি নতুন শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সঙ্গে বৈঠকে তিনি এ ভিশন তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ছিলেন মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, সদস্য কমোডর তানজিম ফারুক ও মো. সারোয়ার আলম এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।
বৈঠকে মহেশখালী-মাতারবাড়ী প্রকল্পের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন মিডার চেয়ারম্যান। তিনি জানান, প্রকল্পটি তিন ধাপে বাস্তবায়ন হবে—প্রথম ধাপ ২০২৫-২০৩০, দ্বিতীয় ধাপ ২০৩০-২০৪৫, এবং তৃতীয় ধাপ ২০৪৫-২০৫৫। এর ফলে প্রায় ২৫ লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে এবং জিডিপিতে দেড়শ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে।
প্রধান উপদেষ্টা বলেন, শুধু গভীর সমুদ্রবন্দর নয়, ব্লু ইকনোমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে। ওই এলাকা কেবল ফ্যাসিলিটেটিং জোন নয়, বরং সেখানে একটি নতুন শহরের জন্ম হবে, যেখান থেকে আন্তর্জাতিক কানেক্টিভিটি তৈরি হবে। তিনি উল্লেখ করেন, “সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক।”
তিনি গভীর সমুদ্র গবেষণায় জোর দিয়ে বলেন, বাংলাদেশ কখনো সমুদ্র জগতে প্রবেশ করেনি, গবেষণাও হয়নি। এজন্য গবেষণা প্রতিষ্ঠান, একাডেমিয়া গড়ে তোলা, ওশান ইকনোমি নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিবেশ সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সেখানকার বনভূমি বর্তমানে কী অবস্থায় আছে এবং ভবিষ্যতে কেমন দেখতে চাই সে পরিকল্পনাও করতে হবে।
এসইউটি/















