নুর-লুৎফরের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা সক্রিয়: দুদু
- আপডেট সময় : ০২:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেলেও নুরুল হক নুর ও লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে তারা এখনও সক্রিয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জাগপার সভাপতি লুৎফর রহমানের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুদু বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু এক বছরের মাথায়ই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। নুর ও লুৎফরের ওপর হামলা হত্যা উদ্দেশ্যে করা হয়েছে দাবি করে তিনি বলেন, হামলাকারীরা যত ক্ষমতাবানই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ১৬ বছর জুলুম-লুটপাট করেছে, আর জাতীয় পার্টি সহযোগী ভূমিকা পালন করেছে। এখনো হামলার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে হাসিনা ও তার দোসররা সক্রিয়।
ভারতের সমালোচনা করে দুদু বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগের লুটপাট, গুম-হত্যার পৃষ্ঠপোষকতা করেছে ভারত। খুনি শেখ হাসিনা ও হাজারো লুটপাটকারীদের আশ্রয় দিয়েছে তারা। পানি ব্যবস্থাপনাতেও তারা বাংলাদেশকে বিপদে ফেলছে।
তিনি বলেন, আমরা ভারতের ধ্বংস চাই না, চাই বন্ধুসুলভ আচরণ। কিন্তু গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে বন্ধুত্ব দাবি করা যায় না। শত্রুতার আচরণ করলে বাংলাদেশের কিছু আসে-যায় না। বাংলাদেশ ইতিমধ্যেই প্রমাণ করেছে কিভাবে নিজেদের পায়ে দাঁড়াতে হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, সাবেক এমপি জুতি, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি এবং জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ অনেকে।
এসইউটি/














