নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
- আপডেট সময় : ০৮:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরের সহধর্মিনী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
সাক্ষাতে নুরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে এবং চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। সুচিকিৎসার জন্য দ্রুত তাঁকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানান তিনি।
এসময় তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তাঁর সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চলছে।”
সভায় উপস্থিত আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
এ সময় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত ছিলেন।
এসইউটি/















