আজ সাত দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৮:৫৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকটি বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। বৈঠকে তিনি পুনর্ব্যক্ত করেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনের কোনো বিকল্প চিন্তা করা জাতির জন্য গভীরভাবে বিপজ্জনক। আমি যে সময় ঘোষণা করেছি, সে সময়ের মধ্যেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতিও একই বার্তা দিয়েছেন ড. ইউনূস। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা ঘিরে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে দলগুলোর সহযোগিতা কামনা করেছেন তিনি।
জাতীয় পার্টি প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা মনোযোগ দিয়ে শুনেছেন।
এসইউটি/















