সুদানে ভূমিধসে নিশ্চিহ্ন গ্রাম, নিহত এক হাজারের বেশি
- আপডেট সময় : ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

সুদানের দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট।
সোমবার (১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে দারফুরের ওই অঞ্চলের নিয়ন্ত্রণকারী গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, ভারী বৃষ্টিপাতের পর গত ৩১ আগস্ট ভূমিধসের এ ঘটনা ঘটে।
গ্রুপটির প্রধান এক বিবৃতিতে জানান, মৃতদের মধ্যে নারী-পুরুষ ও শিশুরা রয়েছে। উদ্ধার অভিযানের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার কাছে জরুরি সহায়তার আবেদন করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রামটি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। কেবল একজন ছাড়া আর কেউ বেঁচে নেই।
এদিকে সুদানে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্ব চলমান থাকায় অনেক মানুষ দারফুরের দুর্গম পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে খাবার ও ওষুধের তীব্র সংকটের মধ্যেই এ দুর্যোগে প্রাণ হারালেন তারা।
দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটির অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। জীবন বাঁচাতে আশ্রয় নেওয়া সেই মানুষগুলোই এবার প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন।
এসইউটি/
















