নেত্রকোণায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা সহ নিহত ৩
- আপডেট সময় : ১১:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

নেত্রকোণায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার (৩০ আগস্ট) রাতে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
নিহতরা হলেন—মৌগাতি ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য দুজাহান মিয়া (৪৮), একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে নূর মোহাম্মদ (৩০) এবং রফিক মিয়া (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা দুজাহান মিয়া ও প্রতিবেশী রফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে দুজাহান মিয়ার ওপর দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর রাত সাড়ে ১০টার দিকে দুজাহান মিয়ার সমর্থকরা প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালায়। এসময় নূর মোহাম্মদ ও রফিক মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় রফিক মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
ওসি কাজী শাহনেওয়াজ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসইউটি/
















