আইসিইউ থেকে মাকে চিঠি: ‘মা, চিকিৎসা বন্ধ করে দাও’
- আপডেট সময় : ১২:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

চীনের হেনান প্রদেশের ১৩ বছর বয়সী এক বালক আইসিইউ শয্যা থেকে মাকে লেখা এক আবেগঘন চিঠিতে চিকিৎসা বন্ধ করে দেওয়ার অনুরোধ করেছে। আটটি দুরারোগ্য রোগে আক্রান্ত লিউ ফুয়ু নামের ওই বালক বলেছে, মা যেন তার জন্য অযথা কষ্ট না করেন এবং হাল ছেড়ে দেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, কিডনি ফেইলিওরের কারণে লিউ ফুয়ুকে সম্প্রতি পঞ্চমবারের মতো ঝেংঝো ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্গীন, ওজন কমে দাঁড়িয়েছে মাত্র ১৫ কেজি।
চিকিৎসক হুও ইউফেং জানিয়েছেন, ছেলেটি দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছে। আইসিইউতে সাক্ষাতের সময় সীমিত হওয়ায় মা লি ও ছেলে চিঠির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। এক চিঠিতে লিউ ফুয়ু মাকে জানিয়েছিল, সে তাঁকে ভীষণ মিস করছে। এ চিঠি পেয়ে মা দ্রুত হাসপাতালে ছুটে আসেন।
পরবর্তী এক চিঠিতে বালকটি লিখে, ‘মা, চলো ওষুধগুলো ফিরিয়ে দিই। এগুলো কোনো কাজ করছে না। আমি যদি বাড়ি যাই তাহলে সুস্থ হয়ে যাব।’ এর উত্তরে মা লি দৃঢ় কণ্ঠে জানান, ‘যাই হোক না কেন, আমি তোমাকে বাঁচাবই।’
চিকিৎসকদের মতে, এ মুহূর্তে জীবন রক্ষাকারী চিকিৎসা বন্ধ করে দিলে ফলাফল মারাত্মক হতে পারে।
হৃদয়বিদারক এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নেটিজেনরা ছেলেটির সাহস এবং মায়ের অদম্য ইচ্ছাশক্তির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, ‘বেচারা ছেলে! আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘চিকিৎসা বন্ধ করলে হয়তো কষ্ট কমবে, কিন্তু একজন মায়ের জন্য সন্তানের আশা ছেড়ে দেওয়া কতটা যন্ত্রণাদায়ক তা বোঝা কঠিন।’
আইছে /
















