নির্বাচনি জোট জামায়াতকে বাদ দিয়ে নয়: চরমোনাই পীর
- আপডেট সময় : ১১:১৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি দলগুলোর বৃহত্তর জোট গঠনের আলোচনায় জামায়াতে ইসলামীকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। বরং ইসলামি দলগুলোর অধিকাংশই জামায়াতকে নিয়েই নির্বাচনি সমঝোতার পক্ষে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দৈনিক যুগান্তর-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, “ইনশাআল্লাহ ইসলামি দলগুলোর এক বাক্স নীতি আলোর মুখ দেখবে। অধিকাংশ ইসলামি দলই জামায়াতকে সঙ্গে নিয়েই বৃহত্তর নির্বাচনি সমঝোতায় একমত। সেভাবেই বৈঠক ও আলোচনা চলছে। আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামি দল দীর্ঘদিন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে নয়, এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনায় কয়েকটি ইসলামি দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল। এটি বৃহত্তর নির্বাচনি সমঝোতারই অংশ।”
জামায়াতের সঙ্গে আদর্শিক ভিন্নতা প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির বলেন, “আমরা আধ্যাত্মিকতা ও রাজনীতিকে একত্রে নিয়ে সমাজ ও শাসনতন্ত্র পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশলের সঙ্গে আমাদের মতপার্থক্য আছে। তবে এই ভিন্নতা নিয়েও অতীতে ঐক্য ও সমঝোতা হয়েছে। জোট ভেঙে গেছে—এমন ধারণা সঠিক নয়।”
২০০১ সালে জাতীয় পার্টির সঙ্গে ‘ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট’-এর অংশগ্রহণের প্রসঙ্গে তিনি বলেন, “ওটা ছিল একটি নির্বাচনি জোট, আদর্শিক জোট নয়। নির্বাচনি সমঝোতা ও আদর্শিক জোটের মধ্যে পার্থক্য আছে।”
তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবেই অংশগ্রহণ করবে এবং জনগণের সামনে একটি শক্তিশালী বিকল্প উপস্থাপন করতে সক্ষম হবে।
এসইউটি/














