ভারতে আদালতের রায়ে খুলছে সিল করা ৩০ মাদরাসা
- আপডেট সময় : ০৮:৪৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

ভারতের উত্তর প্রদেশে সিল করা ৩০টি মাদরাসা খোলার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ। আদালত শিক্ষা কার্যক্রম চালুর ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে।
বিচারপতি পঙ্কজ ভাটিয়ার বেঞ্চে মামলাটির (নং ৫৫২১/২০২৫, WRIC) শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়।
জমিয়তে উলামা হিন্দের মহাসচিব মাওলানা হাকিমুদ্দিন কাসেমি ও মাওলানা তারিকের পক্ষ থেকে সভাপতি মাওলানা মাহমুদ মাদনীর নির্দেশে গঠিত আইনজীবী দলের মাধ্যমে মামলা পরিচালনা করা হয়। দলে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত চন্দ্রা, অ্যাডভোকেট অবিরল রাজ সিং ও অ্যাডভোকেট আলি মুঈদ।
আবেদনকারীরা জানান, সরকার ধর্মীয় শিক্ষা কার্যক্রমে বাধা দিয়েছে এবং কোনো শুনানির সুযোগ দেয়নি। এর আগে ৭ জুন হাইকোর্ট মাদরাসা ভাঙচুরে অস্থায়ী স্থগিতাদেশ দিয়েছিল।
মাওলানা জুনায়েদ আহমদ ও মাওলানা আবদুল মান্নান কাসেমি মাদরাসা ও আইনজীবীদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেন।
রায়ের প্রতিক্রিয়ায় মাওলানা মাহমুদ মাদনী বলেন, “এই রায় শুধু মাদরাসার সুরক্ষা নয়, ন্যায়বিচার ও ভারতের সংবিধানেরও বিজয়। মাদরাসা দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা দেয়, তাদের চরিত্র গঠন করে ও দায়িত্বশীল নাগরিক তৈরি করে। সরকারের কুমতলবপূর্ণ পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তিনি মাদরাসা কর্তৃপক্ষ ও আইনজীবী দলের সদস্যদের অভিনন্দন জানান।
এসইউটি/
















