তফসিলের পর নির্বাচনী জোটে জামায়াতসহ ৮ ইসলামী দল
- আপডেট সময় : ০৯:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী জোট গঠনের উদ্যোগ নিয়েছে আটটি ইসলামী দল। এ জোটে থাকতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন।
এর বাইরে আলোচনায় রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ ও এবি পার্টিও। তাদের উদ্দেশ্য—বিএনপির পাশাপাশি ভোটের মাঠে একটি শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়ানো।
দ্বিদলীয় রাজনীতির বাইরে এবারই প্রথম আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল এ নিয়ে সক্রিয়।
ইতোমধ্যে বিভিন্ন সভা-সমাবেশে ইসলামী দলগুলো জানিয়েছে কেমন হবে তাদের নির্বাচনী সমীকরণ। তফসিল ঘোষণার পর তা আনুষ্ঠানিক রূপ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদ আমলের সেই প্রক্রিয়ায় নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। জুলাই সনদের ভিত্তিতে আইনি কাঠামো নিশ্চিত করতে হবে। অন্যথায় এই নির্বাচনে অংশগ্রহণ করে কোনো লাভ নেই।”
ইসলামী দলগুলো বলছে, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনে তারা যাবে না। সংখ্যানুপাতিক ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছে তারা।
তাদের বক্তব্য—আগের মতো প্রহসনের একতরফা নির্বাচন আর মেনে নেওয়া হবে না।
এসইউটি/














