জাপার আড়ালে আওয়ামী লীগকে ফেরানোর নকশা চলছে: আসিফ মাহমুদ
- আপডেট সময় : ০৭:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রিফাইনড আওয়ামী লীগের চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন জাতীয় পার্টির (জাপা) ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে।
রোববার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি—সেটার পার্থক্য আগে বুঝতে হবে। একটা রাজনৈতিক দল কীভাবে মব করে? একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কর্মসূচিকে কীভাবে মব বলা যায়?
নুরের ওপর হা’ম’লা প্রসঙ্গে তিনি বলেন, আমি যতদূর জানি প্রথমে জাতীয় পার্টির দিক থেকেই এ হা’ম’লা হয়েছে। জাতীয় পার্টি সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যা’সি’বা’দি। আমরা দেখেছি, অতীতে তারা আওয়ামী লীগের সংসদকে বৈধতা দিয়েছে। ভারতের প্রেসক্রিপশনে তারা বাংলাদেশে কৃত্রিম সংসদ তৈরি করেছে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক বা গণতান্ত্রিক সমাধান হোক—অনেকে তা চাইবে না। সেখান থেকে নির্বাচনের সময় নানা বাধা আসতে পারে। আওয়ামী লীগকে না আনতে পারলে নির্বাচন বানচালের চেষ্টাও হতে পারে। তবে সরকার এ ধরনের প্রচেষ্টা রুখতে তৎপর।
নুরের ওপর হা’ম’লাকারীদের খুঁজে বের করতে শক্তিশালী কমিটি গঠন করা হবে বলেও জানান আসিফ মাহমুদ।
এদিকে, নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. মো. আসাদুজ্জামান। তিনি জানান, নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণসহ চারটি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হলেও এখন নুর ধীরে ধীরে কথা বলতে ও বুঝতে পারছেন। দ্রুত তাঁকে আইসিইউ থেকে বেডে নেওয়া হবে।
আইজে/















