জিএম কাদেরদের রাজনীতি নিয়ে মুখ খুললেন: রিজভী
- আপডেট সময় : ০৪:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, তারা বাংলাদেশে রাজনীতির কথা বলছে—এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়। যিনি শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারত থেকে ফিরে এসে সাংবাদিকদের বলেন, ‘ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না’, সেই ব্যক্তি বাংলাদেশে রাজনীতি কীভাবে করেন?
রোববার (৩১ আগস্ট) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি তো দেশকে বিশ্বাস করে না, এরা নির্বাচন করবে কীভাবে। ভারতের অনুমতি ছাড়া যারা কথা বলতে রাজি নয়, তারা কি না আবার নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছে—এ নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।
নুরুল হক নুরের ওপর হা’ম’লা প্রসঙ্গে রিজভী বলেন, এটি পূর্বপরিকল্পিত ছিল। তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। নুর ফ্যা’সিস্ট সরকারের শিকার। তাকে আঘাত করতেই হবে, মারতেই হবে—সবচেয়ে খারাপ উদ্দেশ্য ছিল, তাকে মেরে ফেলতে হবে।
তিনি অভিযোগ করেন, পরশুদিন নুর যে প্রতিবাদ জানিয়েছিলেন সেখানে কোনো সন্ত্রাসী বা সহিংস ঘটনা ঘটেনি। কিন্তু তার ওপর আঘাতটা নির্মমভাবে করা হয়েছে, যা একটি বৃহৎ পরিকল্পনার অংশ বলেই মনে হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গভীর চক্রান্তের অংশ হিসেবে ৫ আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে তাদের বিষদাঁত বসানোর চেষ্টা করছে।
জাতীয় পার্টির নিষিদ্ধের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। ফ্যা’সিস্টের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না। তাদের হাতে প্রচুর টাকা রয়েছে। শেখ হাসিনার হাতে তারা টাকা দিয়ে এসেছে, আবারো দেবে। আড়াই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, আবার দুই হাজার কোটি টাকা দেওয়া হবে। তারা বসে নেই, নানা চক্রান্তের জাল তৈরি করছে।
নুরুল হক নুরের সুস্থতা কামনা করে রিজভী বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হোক।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।














