ভিপি নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের
- আপডেট সময় : ০১:৫২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই-আগস্ট বিপ্লবের অন্যতম নেতৃত্ব ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
সংগঠনটির আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বরোচিত হামলা, জাতীয় পার্টির সন্ত্রাসীদের তাণ্ডব এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী কতিপয় ব্যক্তির প্রত্যক্ষ অংশগ্রহণে ভিপি নুর গুরুতর আহত হওয়া দেশের স্বাধীনতাকামী মানুষের কণ্ঠরোধের নোংরা প্রচেষ্টা।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় একটি রাজনৈতিক দলের প্রধানের ওপর এমন হামলা জাতির জন্য উদ্বেগজনক এবং অশনি সংকেত বহন করছে। হামলাকারী জাপা সন্ত্রাসী, সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে আওয়ামী দোষরদের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করারও দাবি জানানো হয়।
মামুনুল হক ও জালালুদ্দীন আহমদ সতর্ক করে বলেন, যদি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে জনরোষ ভয়াবহ রূপ নেবে। জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
বিবৃতিতে ভিপি নুরসহ আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করে নেতৃদ্বয় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, ষড়যন্ত্র ও দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
তাঁরা আরও বলেন, জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। এ নীলনকশায় ভেতরে ভেতরে কারও ইন্ধন ও প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে বলেও জনমনে ধারণা তৈরি হয়েছে। এ ধরনের দুঃসাহসী চক্রান্তের পরিণতি ভয়াবহ হবে এবং এর দায় কোনো পক্ষই এড়াতে পারবে না বলে নেতারা হুঁশিয়ারি দেন।
এসইউটি/














