জি এম কাদের গ্রেফতার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের
- আপডেট সময় : ১০:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেফতার না করা হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপা ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশসহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, “সন্ধ্যা সোয়া ৬টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। বিস্তারিত পরে জানানো হবে।”
এদিকে রাত ৮টার পর থেকে আবারও জাপা কার্যালয়ের সামনে অবস্থান নেয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এসইউটি/














