জামায়াত আগামী বাংলাদেশের নেতৃত্ব দেয়ার সক্ষমতা অর্জন করেছে: তোফায়েল আহমদ খান
- আপডেট সময় : ০৯:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, জামায়াতে ইসলামী আগামী বাংলাদেশের নেতৃত্ব দেয়ার সক্ষমতা অর্জন করেছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমদ খান বলেন, জামায়াত পরিচালিত হাসপাতালগুলোতে রোগীরা মানসম্পন্ন চিকিৎসা সেবা পাচ্ছে। প্রতিষ্ঠিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষা খাতে প্রশংসনীয় অবদান রাখছে। ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে বিশ্বস্ততা ও উন্নত সেবার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে।
তিনি আরও বলেন, জোট সরকারের আমলে জামায়াতের দুজন মন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্য দায়িত্ব পালনের সময় কখনোই দুর্নীতির অভিযোগের মুখে পড়েননি। আগামী দিনের দায়িত্ব জামায়াতের উপর অর্পণ করলে জনগণকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ উপহার দেয়া সম্ভব হবে।
তোফায়েল আহমদ খান বলেন, ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণের জন্যই জামায়াত রাজনীতি করে। দেশের শাসনব্যবস্থাকে ইনসাফভিত্তিক করতে হলে নৈতিক নেতৃত্ব অপরিহার্য এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতিই সেই নেতৃত্ব দিতে সক্ষম।
পথসভায় উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুস সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম, মধ্যনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মনসুর আলম, জামায়াত নেতা আনোয়ার মোল্লা, সাইদুল ইসলাম, জুবায়ের আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পথসভা শেষে তোফায়েল আহমদ খান মহিষখলা বাজার, বাকাতলা, কলতাপাড়া, বাঙ্গালভিটা ও গোলগাঁওসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
এসইউটি/














