প্রকাশ্যে ক্ষমা চাইতে হাসনাত-সারজিসকে কারিগরি ছাত্র আন্দোলনের আল্টিমেটাম
- আপডেট সময় : ০৮:১৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

বিএসসি ইঞ্জিনিয়ারদের ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিপি নেতা সারজিস আলম ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে ‘কোটা’ শব্দ ব্যবহার করেছেন। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ ওই আন্দোলনের দাবিকে ন্যায়সংগত বলে অভিহিত করেছেন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন।
সংগঠনটি আরও জানায়, উপ-সহকারী প্রকৌশলীর দশম গ্রেড কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা ১৯৭৮ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং ১৯৯৪ সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত রয়েছে।
হাসনাত ও সারজিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে দেশের সব সরকারি-বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী, টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীসহ তাদের পরিবার এনসিপিকে সম্পূর্ণরূপে বর্জন করবে।
এসইউটি/














