নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানায় বিএনপি: আমীর খসরু
- আপডেট সময় : ০৭:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) ভোটের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু বলেন, “মানুষ এখন নির্বাচনমুখী হচ্ছে। পুরো জাতি ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন হলে দেশের অর্থনীতিতে বড় একটা পরিবর্তন আসবে। এখন রাজনীতির সময় শেষ হয়ে গেছে, জাতি গঠনের সময় এসেছে।”
তিনি আরও বলেন, “জনগণ জবাবদিহিমূলক সরকার চায়। ভোটের পর অর্থনীতির পাশাপাশি দক্ষতা উন্নয়ন সবচেয়ে বড় লক্ষ্য হবে। ১৮ মাসে এক কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রস্তুতি রয়েছে বিএনপির। তবে সব অংশীজনকে প্রস্তুতি নিতে হবে।”
এর আগে, রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে আমীর খসরু বলেন, “রাজনীতিতে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। যে দল জনআকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হবে তারাই আগামীতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে।”
এসইউটি/














