এখন মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে : মুজিবুর রহমান
- আপডেট সময় : ০৭:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

সকল সরকারই ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে। এখন মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নেত্রকোণা জেলা পাবলিক হল মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “জীবন দিয়ে হলেও এ দেশে কুরআনের আইন বাস্তবায়ন করব। আমরা চেষ্টা করছি ইসলামের পক্ষে একটি ভোট বাক্স দেওয়ার। নির্বাচনী তফসিল ঘোষণা হলে এটা বাস্তব রূপ নেবে, ইনশাআল্লাহ।”
পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এ দেশের সব মানুষের ভোটের মূল্যায়নের জন্য উত্তম পদ্ধতি হলো পিআর পদ্ধতি। আমরা চাই যে এক শতাংশ ভোট পেলেও তার মূল্যায়ন হোক। বর্তমানে ৭৫ শতাংশ ভোট নষ্ট হয়। স্বাধীনতার ৫৩ বছর পরও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।”
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা জামায়াতের আমির সাহেবের দাবি। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই আমরা নির্বাচনে যাব। কোনো ভোট ডাকাতের হাতে দেশকে ছেড়ে দেব না। ভোটকেন্দ্র ও ভোট বাক্স পাহারা দিতে হবে। জামায়াত এ দেশের মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। পরিচালনা করেন জেলা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, নেত্রকোণা-৪ আসনে প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, নেত্রকোণা-৩ আসনে প্রার্থী মো. দেলোয়ার হোসেন সাইফুল, নেত্রকোণা-৫ আসনে প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা এবং নেত্রকোণা-১ আসনে প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হাসিম।
এ ছাড়া জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। পুরো জেলা থেকে প্রায় ছয় শতাধিক নারী-পুরুষ রুকন সম্মেলনে অংশগ্রহণ করেন।
এসইউটি/














