জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি
- আপডেট সময় : ০৩:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪ ধাপের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ ঘোষণা করেন। তিনি জানান, তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং আগামী নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতিটি বুথে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটার রাখার চিন্তাভাবনা করা হচ্ছে।
নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক কাজ তফসিল ঘোষণার ১৫ দিন আগে শেষ করার চেষ্টা থাকবে। কর্মপরিকল্পনায় আরও সংযোজন করা হবে। ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সিনিয়র সচিব আরও জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে শুনানির পর তথ্য পর্যালোচনা চলছে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সীমানা চূড়ান্ত করার আশা প্রকাশ করেন তিনি। এছাড়া ৩০ সেপ্টেম্বর জিআইএস বা ভৌগলিক মানচিত্র প্রকাশ করা হবে।
ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এআই ও অপতথ্য বড় ধরনের চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে কাজ করছে। নিশ্চিন্তে ভোট দেওয়ার পরিবেশ সৃষ্টি করাও একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।















