চীন সফরে রাতেই ঢাকা ছাড়ছেন এনসিপির প্রতিনিধি দল
- আপডেট সময় : ১০:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি প্রতিনিধি দল আজ (২৬ আগস্ট) রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। চার দিনের সফর শেষে তারা ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের অন্যান্য সদস্যরা হলেন—সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
নাহিদ ইসলাম বলেন, সফরের সময় তারা বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করবেন। পাশাপাশি এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের জনগণ এবং রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপি প্রতিনিধি দলের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরটি এ বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক চীন সফরের অংশ। এর আগে, জুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এবং জুলাইতে জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বে দুটি প্রতিনিধি দল বেইজিং সফর করে।














