তুরস্কে আন্তর্জাতিক স্কলার সম্মেলনে জমিয়ত নেতা ড. শোয়াইব আহমদ
- আপডেট সময় : ০৯:২৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

তুরস্কের বুরসায় চলমান আন্তর্জাতিক স্কলার সম্মেলনে যোগ দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স আয়োজিত এ সম্মেলন ২২ আগস্ট শুরু হয়ে ২৮ আগস্ট পর্যন্ত চলবে।
ড. শোয়াইব আহমদ নিজের ফেসবুক পোস্টে সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরছেন। সোমবার তিনি জানান, সম্মেলনের অন্যতম তাৎপর্যপূর্ণ সেশন ছিল— “مسلمو أوروبا بين العطاء والتحديات” (ইউরোপের মুসলিমরা: অবদান ও চ্যালেঞ্জসমূহ)। আলোচনায় ইউরোপের মুসলিমদের শিক্ষা, দাওয়াত ও সামাজিক সেবায় অবদান এবং ইসলামফোবিয়া, ধর্মীয় পরিচয় রক্ষা, প্রজন্ম গঠন ও ঐক্য টিকিয়ে রাখার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
তিনি লিখেন, “মুসলিমরা যেখানে থাকুক, কেবল ভোগ নয়; বরং অবদান রাখাই তাদের প্রকৃত দায়িত্ব। চ্যালেঞ্জকে ভয় নয়, বরং হিকমাহ, ঐক্য ও প্রজ্ঞার মাধ্যমে সুযোগে রূপান্তর করাই সফলতার মূল চাবিকাঠি।”
এর আগে রোববারের এক পোস্টে তিনি জানান, সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ সেশন ছিল “خارطة النظر الفقهي” (ফিকহি দৃষ্টিভঙ্গির মানচিত্র)। ড. ফজল মুরাদের উপস্থাপনায় আলোচনায় ফিকহি জ্ঞানের বিস্তৃতি, ভিন্নমতের মাঝে ভারসাম্য এবং যুগোপযোগী সমাধানের গুরুত্ব তুলে ধরা হয়।
ড. শোয়াইব আহমদ বলেন, “সত্যিকারের আলেমরা শুধু হুকুম জানেন না, বরং হিকমাহ বোঝেন। এই উপলব্ধিই আগামী দিনের দাওয়াতি কাজকে আলোকিত করবে। ইনশাআল্লাহ।”
















