নেককার-মুত্তাকিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০৯:১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সীরাতে রাসুলের (সা.) আলোকে সমাজ গড়ে তুলতে হবে। আগামীতে নেককার ও মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করা জরুরি। তিনি বলেন, “গত ৫৪ বছর ধরে এ দেশের সম্পদ লুট হয়েছে। যারা সম্পদ লুট করে বিদেশে পালিয়েছে তারা কখনো দেশপ্রেমিক নয়। দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
সোমবার বিকেলে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি ও বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান। সঞ্চালনা করেন মাওলানা মোহছেন আল হুসাইনী ও মাওলানা ইরফানুল হক।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন আন্দরকিল্লা জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ এবং রাহবায়ে বায়তুশ শরফ হযরত মাওলানা আব্দুল হাই নদভী প্রমুখ।















