ফেসবুকের অন্যায্য আচরণের বিরুদ্ধে জিডি করলেন ইবনে শাইখুল হাদিস
- আপডেট সময় : ০৮:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একপাক্ষিক ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন। তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিসিয়াল পেইজ একের পর এক বন্ধ ও সাসপেন্ড হওয়ায় সোমবার (২৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে মামুনুল হক উল্লেখ করেন, গত কয়েক মাস ধরে তাঁর নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লকের শিকার হচ্ছে। এর ফলে তাঁর ব্যক্তিগত আইডি (facebook.com/mawlanamamunulhaqueofficial) ও অফিসিয়াল পেইজ (facebook.com/MaulanaMamunulHaque) বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এতে তিনি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তিনি আরও জানান, একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে। এটি গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার স্পষ্ট প্রচেষ্টা। তাই আইন মেনে থানায় জিডি করেছেন এবং আশা প্রকাশ করেছেন মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কোনো রাজনৈতিক নেতাকে টার্গেট করে বাধাগ্রস্ত করা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের ওপর ভয়ঙ্কর আঘাত।














