রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার সাত প্রস্তাব
- আপডেট সময় : ০২:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

রোহিঙ্গা সংকট সমাধানে সাতটি কর্মপরিকল্পনা প্রস্তাব করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধনের পর ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’-এ তিনি এসব প্রস্তাব তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা বলেন, কথার জালে আর বন্দি থাকা যাবে না, কার্যকর রোডম্যাপ তৈরি করে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।
ড. ইউনূসের সাত দফা প্রস্তাব হলো—
১. রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য কার্যকর রোডম্যাপ প্রণয়ন।
২. ২০২৫-২৬ সালের যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার অর্থ ঘাটতি পূরণে দাতাগোষ্ঠীর সহায়তা।
৩. রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা অবসান এবং তাদের নিরাপত্তা, জীবিকা ও মৌলিক অধিকার নিশ্চিত করা।
৪. মিয়ানমারের অভ্যন্তরে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে সংলাপ প্ল্যাটফর্ম তৈরি করে উত্তেজনা ও সংঘাত নিরসন।
৫. রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে পুনর্মিলন ও প্রত্যাবাসন নিশ্চিতকরণ।
৬. আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা।
৭. মানবপাচার, মাদকপাচার ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী সহযোগিতা জোরদার।
তিনি আরও বলেন, মিয়ানমারের ভেতরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত নিজ ঘরে ফেরাতে হবে। একই সঙ্গে আরাকান আর্মিকে সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কক্সবাজারে রোববার শুরু হওয়া তিন দিনের এ আন্তর্জাতিক সম্মেলনে প্রথম দিনের কার্যক্রমে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। সেখানে তাদের নিরাপদ প্রত্যাবাসনের আস্থা গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়।
এ সেশনে রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, রোহিঙ্গা ক্যাম্পের প্রতিনিধি ও প্রবাসী রোহিঙ্গারা অংশ নেন।















