ছেলেরা ইসলামিক শিক্ষা নিচ্ছে, তাই বর্ষার পর এবার অনন্তও সিনেমা ছাড়ছেন
- আপডেট সময় : ০৩:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে

চিত্রনায়ক অনন্ত জলিল হাতে থাকা কাজগুলো শেষ করে চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। এর আগে তার স্ত্রী ও নায়িকা বর্ষা একই কারণে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
এক সাক্ষাৎকারে অনন্ত বলেন, তার দুই ছেলে ইসলামিক শিক্ষায় মনোনিবেশ করছে। বড় ছেলে আট পারা হাফেজ, আর ছোট ছেলে দ্বিতীয়বারের মতো কোরআন খতম দিয়েছে। তিনি বলেন, “আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে—এটা ভালো দেখায় না।”
অনন্ত জানান, বর্ষা প্রথম গর্ভধারণের সময় তারা নিয়ত করেছিলেন ছেলেদের মুফতি বানাবেন এবং একসময় মদিনায় পাঠাবেন পড়াশোনার জন্য। সেই ইচ্ছার প্রতিফলন এখন দেখা যাচ্ছে।
স্ত্রীর সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, “যেহেতু ছেলেরা ইসলামিক ও জেনারেল—দুই লাইনেই পড়াশোনা করছে, তাদের কাছে মায়ের সিনেমা করা ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করি। হাতে থাকা কাজগুলো শেষ করে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
উল্লেখ্য, অনন্ত-বর্ষা অভিনীত নেত্রী: দ্য লিডার ছবির কাজ ইতোমধ্যে ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। ছবিটি শিগগিরই মুক্তির পরিকল্পনা রয়েছে।














