বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব এবার সৌদি আরবে
- আপডেট সময় : ০৩:২০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব ‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’। আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হয়ে উৎসবটি চলবে ৯ অক্টোবর পর্যন্ত। রাজধানী রিয়াদের মিডিয়াপাড়া খ্যাত বুলেভার্ড সিটিতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
সৌদি সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উৎসবের ঘোষণা দেন। তিনি জানান, এবারই প্রথম রিয়াদে এমন বৃহৎ পরিসরের আন্তর্জাতিক কমেডি ফেস্টিভ্যাল হতে যাচ্ছে। উৎসবের প্রচারে ইতোমধ্যে বিশ্ববিখ্যাত মার্কিন স্ট্যান্ডআপ কমেডিয়ান কেভিন হার্টকে নিয়ে একটি প্রমোশনাল ভিডিও তৈরি করা হয়েছে।
তুর্কি আলাল শেখ বলেন, “কমেডির রাজা রিয়াদে নামছেন… কেভিন হার্ট প্রস্তুত পুরো আসর কাঁপাতে, বিশ্বের বৃহত্তম কমেডি উৎসবে।”
জানা গেছে, বিশ্বের শীর্ষস্থানীয় ৫০ জনেরও বেশি কমেডিয়ান এই ফেস্টিভ্যালে অংশ নেবেন। কেভিন হার্ট ছাড়াও উৎসবে অংশ নেবেন সেবাস্টিয়ান ম্যানিসকালকো ও রাসেল পিটার্স। রাসেল পিটার্স একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কমেডিয়ান, যিনি বহুসাংস্কৃতিক কনটেন্টের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়।
তথ্যসূত্র: Gulf News.














