পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের সাক্ষাৎ
- আপডেট সময় : ১০:১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এবং হাইকমিশনের কর্মকর্তারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ।
সাক্ষাতে তারা বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি এবং উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভবিষ্যতে দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতায় দুই রাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, রোববার (২৪ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ইসহাক দার জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে তার বসুন্ধরার বাসভবনে যাবেন।














