পিআর পদ্ধতি মাথায় দেয় নাকি সাবানের মতো শরীরে মাখে: প্রশ্ন রিজভীর
- আপডেট সময় : ০৯:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাম্প্রতিক আলোচিত পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, “পিআর পদ্ধতি কী—সাধারণ মানুষ তা বোঝে না। এটা কি নারকেল তেলের মতো মাথায় মাখে, না সাবানের মতো শরীরে ব্যবহার করে?”
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পার ময়দানে জেলা বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “এমন একটি পদ্ধতির কথা বলা হচ্ছে, যার কোনও বাস্তব অভিজ্ঞতা এই দেশের মানুষের নেই। হঠাৎ করে কিছু দল বলছে, ‘পিআর পদ্ধতি চাই।’ এটা জনগণের সঙ্গে তামাশা। এই পদ্ধতিতে যোগ্যতার চেয়ে বিত্তবানরা টাকার জোরে মনোনয়ন কিনে নিতে পারে।”
তিনি আরও বলেন, “দলের প্রতীক থাকলে জনগণ চিনে ভোট দিতে পারে। পিআর পদ্ধতি রাজনৈতিক দলগুলোকে আরও কর্তৃত্ববাদী করে তুলবে এবং রাজপথের আন্দোলনকারী ত্যাগী কর্মীদের বাদ দিয়ে বাইরের প্রভাবশালীদের সুযোগ করে দেবে।”
বর্তমান সরকারকে আক্রমণ করে রিজভী বলেন, “এই দেশ শহীদের রক্ত আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া। সেই দেশকে শকুনের মতো ছিঁড়ে খেয়েছে শেখ হাসিনা ও তার সরকার। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশের মানুষ তাকে রুখে দিয়েছে। সে এখন পরাজিত, দেশ ছাড়তে বাধ্য হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “জুলাই মাসে শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী মানুষ হত্যা করেছে। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মুগ্ধ তারই শিকার।”
বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, “কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা সন্ত্রাসী বিএনপির সাধারণ সদস্যও হতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীতিনিষ্ঠ রাজনীতিতে বিশ্বাস করে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এছাড়া বক্তব্য দেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং স্থানীয় নেতৃবৃন্দ।














