শহীদ জিয়ার অনুসরণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান চকরিয়ায় সালাহউদ্দিন আহমদের
- আপডেট সময় : ০৮:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তারেক জিয়া প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আসুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কর্মসূচি ও বক্তব্যকে সম্মান করি। সবার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্য থাকবে। আমাদের মধ্যে পিআরসহ নানা বিষয়ে মতানৈক্য থাকতে পারে, আমরা আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধান করবো। তবে সালাহউদ্দিন আহমদ আওয়ামীলীগকে ফ্যাসিস্ট, মাফিয়া ও দস্যু আখ্যায়িত করে বলেন, আওয়ামীলীগ কখনো রাজনৈতিক দল ছিলোনা, ভবিষ্যতেও থাকবে না বলে তিনি মন্তব্য করেন। আসুন আমরা সকল গণতান্ত্রিক শক্তি মিলে বাংলাদেশকে স্থিতিশীলতার স্বার্থে জনগণের মেন্ডেট নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাই।
কক্সবাজার -১ (চকরিয়া – পেকুয়া) আসনের উপর্যুপরি তিনবারের সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আয়োজিত চকরিয়া কলেজ মাঠের বিশাল জনসভায় উপরোক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, ইতিমধ্যে নির্বাচনের মৌসুম শুরু হয়েছে। নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সালাম দিবেন। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে, মানুষ যাকে প্রার্থী হিসেবে পছন্দ করবে সে নির্বাচন করবে, আর মানুষ যাকে পছন্দ করে ভোট দিবে সে-ই নির্বাচিত হবে। কিন্তু পিআর পদ্ধতিতে কোন প্রার্থী থাকবে না, শুধু মার্কা থাকবে। এতে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। যারা পিআর পিআর করে তাদের উদ্দেশ্য পিআর নয়- এটা বলে যদি কিছু পাওয়া যায়।
সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৬ বছর গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য বাংলাদেশের মানুষ গুম,খুন ও হত্যার শিকার হয়েছে। যদি আমরা সম্মিলিত প্রচেষ্টায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সরকার বা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারি তবেই আমরা সেসব মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবো। যারা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।
চকরিয়া কলেজ মাঠের জনসভায় বৃষ্টিস্নাত বিকেলে অর্ধলক্ষাধিক মানুষের বিশাল সমাবেশ দেখে সালাহউদ্দিন আহমদ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ২০০৮ সালের কঠিন সময়ে আপনারা আপনাদের পুত্রবধূকে (তাঁরই সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ) আমার চেয়েও বেশী ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলেন। এজন্য আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
চকরিয়া কলেজ মাঠের দ্বিবার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে জনসভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক। সভা উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ।
চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলীর পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, চকরিয়া পৌর বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম প্রমূখ।














