কোথায় থেকে নির্বাচন করতে পারেন, জানালেন ইবনে শাইখুল হাদীস
- আপডেট সময় : ০১:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর হেভিওয়েট নেতারা কোথায় থেকে প্রার্থী হতে পারেন—সে বিষয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক নির্বাচন করবেন কি না কিংবা করলে কোন আসন থেকে করবেন—তা নিয়েও চলছে জল্পনা।
বুধবার (২০ আগস্ট) প্রথম আলো-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাওলানা মামুনুল হক নিজেই এ প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে আগ্রহী না। তবে দলীয় বিবেচনায় এবং জাতীয় প্রয়োজনে নির্বাচন করতে হলে করব।”
কোন আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা আছে—এমন প্রশ্নে তিনি জানান, তিনটি জায়গা নিয়ে ভাবনা চলছে। এর মধ্যে দুটি ঢাকায়—ঢাকা-১৩ (মোহাম্মদপুর) যেখানে আমার অবস্থা এবং ঢাকা-৭ (লালবাগ) যেখানে আমার জন্মস্থান। আরেকটি হলো বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট), যেখানে তাঁর নানার বাড়ি এবং পারিবারিক নিবিড় সম্পর্ক রয়েছে।
সংগঠন ও জনপ্রিয়তার প্রশ্নে তিনি বলেন, “আমার একক দলীয়ভাবে হয়তো সেই পর্যায়ের কর্মী বাহিনী নেই। তবে মোহাম্মদপুরে আমাদের নির্বাচন করার মতো পরিবেশ আছে। লালবাগ ও মোহাম্মদপুরে দীর্ঘ কার্যক্রমের কারণে আলেম সমাজের তৎপরতা ঐতিহ্যগতভাবেই রয়েছে। আমাদের রিজার্ভ ফোর্স নির্বাচনী মাঠে কাজ করতে পারবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনে জোটবদ্ধ হওয়া সম্ভব। আবার এককভাবেও যদি আমরা নির্বাচন করি, তাহলেও ভালো ফলাফল আশা করা যায়।”
বিএনপির পক্ষ থেকে মোহাম্মদপুর আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা ও ভবিষ্যতে সরকার এলে দায়িত্ব দেওয়ার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “এ রকম কোনো আনুষ্ঠানিক আলোচনায় আমরা এখনো যাইনি। তবে লোকমুখে শুনি এবং বিএনপির আগ্রহ আছে তা বুঝতে পারি। কোথাও কোনো আসনে ছাড় দেওয়ার আগ্রহ বিএনপির থাকতে পারে, তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”













