মালয়েশিয়ার তেরেঙ্গানুতে জুমার নামাজ বাদ দিলে দুই বছরের জেল-জরিমানার বিধান
- আপডেট সময় : ১১:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে বৈধ কারণ ছাড়া জুমার নামাজ বাদ দিলে মুসলিম পুরুষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন বিধান অনুযায়ী, এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা ৩ হাজার রিঙ্গিত (প্রায় ৭০ হাজার টাকা) পর্যন্ত জরিমানার শাস্তি দেওয়া যাবে।
এর আগে নিয়ম অনুযায়ী ধারাবাহিকভাবে তিন সপ্তাহ জুমার নামাজে অনুপস্থিত থাকলে শাস্তির বিধান ছিল। তবে সংশোধিত আইনে একবার নামাজ মিস করলেই শাস্তির আওতায় আসতে পারেন মুসলমানরা।
তেরেঙ্গানুর তথ্য, দাওয়াহ ও শরিয়াহ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মদ খলিল জানিয়েছেন, “সতর্কবার্তা ও নিয়মিত স্মরণ করানোর পরও কেউ যদি নামাজ বাদ দেন, তবে এ ধরনের শাস্তি শেষ উপায় হিসেবে প্রয়োগ করা হবে।”
তিনি আরও বলেন, রাজ্যজুড়ে মসজিদ প্রাঙ্গণে সতর্কতামূলক ব্যানার টানানো হচ্ছে, যাতে সবাই বুঝতে পারেন জুমার নামাজ আদায়ের ধর্মীয় বাধ্যবাধকতা কতটা গুরুতর। মুসলমানদের উচিত এই আইন বাস্তবায়নকে ধর্মের মর্যাদা রক্ষা ও সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে দেখা।
ড. খলিল জানান, নতুন বিধান বাস্তবায়নে জনগণের অভিযোগ গ্রহণ, নিয়মিত টহল এবং তেরেঙ্গানু ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট (জেএইচইএটি) ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানের মাধ্যমে নজরদারি চালানো হবে।
এই বিধানটি ২০১৬ সালে পাস হওয়া শরিয়াহ ক্রিমিনাল অপরাধ আইন (তাকজির)-এর সংশোধিত সংস্করণের অংশ হিসেবে কার্যকর হচ্ছে।
সূত্র: দ্য স্টার















