জাতীয় মৎস্য পদক পেলেন শেকৃবি অধ্যাপক কাজী আহসান
- আপডেট সময় : ১২:১৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব ‘জাতীয় মৎস্য পদক ২০২৫’ অর্জন করেছেন।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এ পদক তুলে দেন।
অধ্যাপক হাবীব বাংলাদেশে প্রথমবারের মতো ইলিশ মাছ কৌটাজাতকরণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন। পাশাপাশি দিনে ও রাতে নিরাপদ শুঁটকি উৎপাদনে এসএইউ-ডিওএফ স্মার্ট সোলার সান ড্রায়ার আবিষ্কার করেন। তিনি মেরিন বায়োডাইভার্সিটি পোর্টাল অফ বাংলাদেশ এবং ফ্রেশ ওয়াটার বায়োডাইভার্সিটি পোর্টাল অফ বাংলাদেশ নামক দুটি তথ্যসমৃদ্ধ ওয়েবসাইটেরও প্রতিষ্ঠাতা। এ প্ল্যাটফর্মগুলো দেশের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার নেতৃত্বে দেশের জলসীমা থেকে বিশ্বের নতুন তিনটি সামুদ্রিক মাছের প্রজাতি আবিষ্কৃত হয়েছে।
এ ছাড়া সেন্ট মার্টিন দ্বীপ ও সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে গবেষণামূলক তিনটি গ্রন্থসহ বেশ কয়েকটি বিজ্ঞানভিত্তিক বই ও পাঠ্যবই রচনা করেছেন তিনি। মাধ্যমিক ও মাদরাসা শিক্ষার ষষ্ঠ থেকে দশম শ্রেণির কৃষি শিক্ষা বইয়ের মৎস্যবিজ্ঞান অংশের লেখকও তিনি, যা ২০১২ সাল থেকে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে পাঠ্য হয়ে আসছে।
অধ্যাপক হাবীবের এ সাফল্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ শুভেচ্ছা জানিয়ে বলেন, “এটি শেকৃবির জন্য গর্বের বিষয়। আমরা শেকৃবি পরিবার তার এই অর্জনে অত্যন্ত আনন্দিত।”














