নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান
- আপডেট সময় : ০৬:০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার। প্রধান উপদেষ্টা নিজেই স্পষ্ট করে জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে। সেই নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।
রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি একনেক সভায় অংশ নেন।
রাজনৈতিক দলগুলোর ভিন্নমত প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “এখন পর্যন্ত ইসিকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোর নিজস্ব হিসেব থাকতে পারে, তবে এর সঙ্গে সরকারের অবস্থান পরিবর্তনের কোনো সম্পর্ক নেই।”
বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো প্রসঙ্গে তিনি বলেন, “এ ব্যাপারে কোনো লিখিত নির্দেশনার কথা আমার জানা নেই। উপদেষ্টা পরিষদেও এ নিয়ে আলোচনা হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।”
সিলেটে পাথর লুটের ঘটনা প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, “সেখানে স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল অথবা তারা নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।”














