আপনারা কি ওষুধ কোম্পানির দালাল: চিকিৎসকদের উদ্দেশ্যে আসিফ নজরুল
- আপডেট সময় : ০৭:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

চিকিৎসকদের প্রেসক্রিপশনে অপ্রয়োজনীয় টেস্ট ও নির্দিষ্ট কোম্পানির ওষুধ লিখে দেওয়ার প্রবণতার কড়া সমালোচনা করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি অনর্থক পরীক্ষা এড়িয়ে চলতে এবং ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগীর ভূমিকায় না যেতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ‘‘বাংলাদেশের সঠিক চিকিৎসা দেওয়ার সক্ষমতা আছে। মানুষ চাইলেই ভারত বা থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাবে না। কিন্তু বাধ্য হয়ে অনেককেই বিদেশে যেতে হয়।’’
ওষুধ কোম্পানির প্রভাবের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, ‘‘পৃথিবীর কোথায় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য ডাক্তারের আলাদা সময় থাকে? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের?’’
নিজ অভিজ্ঞতার উদাহরণ টেনে আইন উপদেষ্টা বলেন, ‘‘আমার বাসার এক সাহায্যকারী ছেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিল। তাকে ১৪টা টেস্ট দেওয়া হয়। পরে সে রাগ করে ঢাকার বাইরে চিকিৎসা নেয়, সেখানে এত টেস্ট লাগেনি।’’
চিকিৎসা খাতের মানবসম্পদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘একজন নার্স যদি মাত্র ১২ হাজার টাকা বেতন পান, তবে তিনি কীভাবে ধৈর্য ধরে মানসম্মত সেবা দেবেন?’’
এ সমস্যা সমাধানে হাসপাতাল মালিকদের কম মুনাফা করার পরামর্শ দেন আসিফ নজরুল।














