পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না: চরমোনাই পীর
- আপডেট সময় : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না এবং জবাবদিহিমূলক সরকার গঠিত হবে। এতে ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, সংলাপের সংস্কৃতি তৈরি হবে এবং প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন’সহ ইসলাম, দেশ ও মানবতাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরমোনাই পীর বলেন, “১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার সুযোগ নেওয়ার পাঁয়তারা করছে। তাই রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায় শিষ্টাচার বজায় রাখতে হবে। কোনোভাবেই ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর রাষ্ট্র ও আইনী কাঠামোয় কিছু পরিবর্তন এলেও রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসেনি। রাজনৈতিক হানাহানি, চাঁদাবাজি, সন্ত্রাস এমনকি রাজনৈতিক পরিচয়ে ধর্ষণও বেড়েছে। মিডফোর্ট হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের প্রতিবাদ আড়াল করে রাজনৈতিক ইস্যু বানানো হয়েছে, যা জনগণ দেখতে চায় না।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “অপরাধীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজরা বিএনপির নাম ব্যবহার করে অর্থ আদায় করছে, ফলে জনগণের ক্ষোভ স্বাভাবিকভাবেই বিএনপির দিকে যাচ্ছে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন মাগুরা জেলা সহ-সভাপতি ও মাগুরা-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মশিউর রহমানসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মুফতি মোস্তফা কামাল বলেন, জুলাই বিপ্লব ছিল নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। কিন্তু ক্ষমতালোভী কিছু মানুষের কারণে সুস্থ রাজনীতির প্রত্যাশা ফিকে হয়ে গেছে। রাষ্ট্র সংস্কারের মৌলিক ইস্যুতে ঐক্যমত না হওয়ার সমালোচনা করেন তিনি এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।













