হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন জামায়াত আমির
- আপডেট সময় : ০৪:৫২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমানে তিনি অনেকটা সুস্থ হলেও চিকিৎসকদের পরামর্শে আরও দুই সপ্তাহ বিশ্রামে থাকবেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার কিছু পর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন তিনি।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানান, ওপেন হার্ট সার্জারি বড় ধরনের অপারেশন হওয়ায় ডা. শফিকুর রহমানের পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। তিনি বলেন, “আমরা উনাকে বাসায় নিয়ে এসেছি। আরও দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আশা করছি তিন সপ্তাহ পরে তিনি জনসম্মুখে আসবেন।”
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. শহিদ আলম চৌধুরী জানান, গত ২ আগস্ট ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি করা হয়। তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছিল। অপারেশনের পর ২ থেকে ৫ আগস্ট পর্যন্ত তিনি কার্ডিয়াক আইসিইউতে ছিলেন। ৫ আগস্ট টিউব খোলার পর তিনি নিজে হেঁটেছেন এবং কেবিনে স্থানান্তরিত হন। চিকিৎসক বলেন, “উনার অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। আশা করছি, আগামী এক মাসের মধ্যে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।”













