তারেক রহমান আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৫৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিল অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, “আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারী, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছেন। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, দেশের স্বাস্থ্য সমস্যার সমাধানে তিনি উদ্যোগ নেবেন।”
তিনি আরও বলেন, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও একজন প্রখ্যাত চিকিৎসক। এ কারণে স্বাস্থ্যসেবা খাতে তিনি বিশেষ গুরুত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

স্বাস্থ্য খাতের উন্নয়নে তারেক রহমান প্রদত্ত ৩১ দফার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এগুলো জাতির জন্য সবচেয়ে প্রয়োজনীয়। এর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের বিষয়টি বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।”
ড্যাবের জাতীয় কাউন্সিলে সভাপতিত্ব করেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইসমাইল জবিহউল্লাহ। সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য লুৎফুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজন কান্তি সরকার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এ কে এম আজিজুল হক ও হারুন আল রশীদ।













