বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০৬:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সৌন্দর্য ও আধুনিকায়নের জন্য সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শনিবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় কনফারেন্সে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
ধর্ম উপদেষ্টা বলেন, “বায়তুল মোকাররম মসজিদের মূল কাঠামো ঠিক রেখে ভেতরের সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। এটি একটি জাতীয় স্থাপনা, তাই এর ঐতিহ্য বজায় রেখেই উন্নয়ন কার্যক্রম চলবে।”
তিনি আরও জানান, মসজিদ কমিটিগুলোর স্বেচ্ছাচারিতা বন্ধে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা’ প্রণয়ন করা হয়েছে। খুব শিগগিরই এ নীতিমালা গেজেট আকারে প্রকাশ করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
ড. খালিদ হোসেন বলেন, “নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ নেই। তাদের মর্যাদা প্রতিষ্ঠায় সরকার সচেষ্ট।”















