গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে আরও দুজন গ্রেপ্তার, মোট সংখ্যা ৭
- আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এতে করে এই মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল সাতজন।
গ্রেপ্তারদের একজন শাহজালাল (২৫), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, শাহজালাল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।
অন্য গ্রেপ্তার ফয়সাল হাসান (২৩), পাবনার পাঁচবাড়িয়া গ্রামের কিয়ামুদ্দিন হাসানের ছেলে। তাকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাড়ি থেকে আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বলেন, এর আগে জিএমপি ও র্যাব যৌথ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।















