মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে নীতিমালা প্রস্তুত : ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০৪:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, নীতিমালা শিগগিরই চূড়ান্ত করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে গেজেট প্রকাশ করা হবে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর বি এম এ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, কিছু কর্তৃত্ববাদী মসজিদ কমিটির সদস্য ইমামদের তুচ্ছতাচ্ছিল্য করেন। অন্তর্বর্তীকালীন সরকার কিছু জরুরি কাজ শেষ করবে এবং দীর্ঘমেয়াদি কাজ নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে। তিনি কল্যাণ রাষ্ট্র গঠনের স্বপ্ন তুলে ধরে বলেন, জুলাই বিপ্লব সেই পথ খুলে দিয়েছে।
তিনি জানান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামত হবে।
ড. খালিদ হোসেন বলেন, নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছতাচ্ছিল্যের আর সুযোগ নেই। পরে সংগঠনের নেতারা তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি উপদেষ্টার কাছে তুলে ধরেন।














