মতবিরোধ থাকলেও মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমানের আহ্বান
- আপডেট সময় : ০৮:০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

রাজনীতিতে মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো যেন মুখ দেখাদেখি বন্ধ না করে— এমন আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়া পল্টনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি শুরুর আগে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে, আলোচনার মাধ্যমে তা দূর করতে হবে। তবে জাতীয় ইস্যুতে মুখ দেখাদেখি বন্ধ করা যাবে না। ধর্ম, দর্শন, মত যার যার—রাষ্ট্র আমাদের সবার।”
তিনি বলেন, “গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরও সচেতন হতে হবে। ফ্যাসিবাদের সময় আমরা কেউ নিরাপদ ছিলাম না। ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে বর্বর বন্দিশালায় পরিণত করা হয়েছিল।”
তারেক রহমান বলেন, “চব্বিশের আন্দোলনের সুযোগ কাজে লাগিয়ে যদি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা যায়, তাহলে কেউ আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে পারবে না, দেশকে তাবেদার রাষ্ট্র বানাতে পারবে না।”
বিজয় মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “পতিত ও পলাতক ফ্যাসিস্টের আমলে অন্ধকারের যে রাজত্ব ছিল, আজকের বিজয় মিছিল সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা।”













