২৪-এর স্বাধীনতা রক্ষা করতে আমরা জীবন দিতে প্রস্তুত: ইবনে শাইখুল হাদীস
- আপডেট সময় : ০৯:৪৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

২০২৪ সালের স্বাধীনতা ছিনতাইয়ের চেষ্টা হলে জীবন দিয়ে তা রক্ষা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানী ঢাকায় ‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কখনোই প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি। কেউ যদি ২০২৪-এর এই স্বাধীনতাকে ছিনতাই করতে চায়, আমরা জীবন দিয়ে তা রক্ষা করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “২০২৪-এর জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি আমার সন্তান খুবাইবও শহীদ হয়। ইসলামপন্থীদের রাজনৈতিকভাবে মাইনাস করার অপচেষ্টা আমরা প্রতিহত করব।”
ঢাকা মহানগরের আয়োজনে শাহবাগ চত্বর থেকে শুরু হয়ে মৎস্য ভবন, প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী।
র্যালিপূর্ব সমাবেশে কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেন, “সরকার পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে বহু আগেই নিরপেক্ষতা হারিয়েছে। মৌলিক রাজনৈতিক সংস্কার ব্যতীত কোনো নির্বাচন মেনে নেব না।”
মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “আমরা বেঁচে থাকতে খুনি হাসিনার আওয়ামী লীগকে এই মাটিতে পুনর্বাসিত হতে দেব না ইনশাআল্লাহ। গণতন্ত্র ও ইসলামের শত্রুদের বিরুদ্ধে আন্দোলন চলবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন—নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আতিকুল্লাহ, মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা রাকীবুল ইসলাম, মাওলানা রিজওয়ান হুসাইন, মাওলানা এমদাদ বিন সায়েনুদ্দীন, মাওলানা আবু হানিফ নোমান, মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা আবুল কাশেম মিয়াজী, নেয়ামতুল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ কাসেমী প্রমুখ।
র্যালি শেষে রাজধানীর রাজপথে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক জাগরণী পরিবেশ সৃষ্টি হয়।













