গাজা দখল করবে কিনা, সে সিদ্ধান্ত ইসরায়েলের: ট্রাম্প
- আপডেট সময় : ০৯:৩১:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

গাজা উপত্যকা দখল করবে কিনা, সে সিদ্ধান্ত ইসরায়েলের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিকল্পনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র এখন গাজার মানুষের জন্য খাদ্য সরবরাহে বেশি মনোযোগ দিচ্ছে। বাকি সব সিদ্ধান্ত ইসরায়েলের।”
তিনি আরও জানান, ইসরায়েল এই খাদ্য ও অর্থ সহায়তায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে। ট্রাম্প আশা প্রকাশ করেন, আরব দেশগুলোরও এই উদ্যোগে অর্থ ও লজিস্টিক সহায়তা থাকবে।
গাজার জন্য যুক্তরাষ্ট্রের নতুন খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন নিয়ে যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন, সেটির বাস্তবায়ন এখনো শুরু হয়নি। যদিও হোয়াইট হাউস জানিয়েছিল, একটি মানবিক ত্রাণ পরিকল্পনা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
এদিকে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েল ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এ উল্লেখযোগ্য অর্থ দিয়েছে, তবে এ বিষয়ে দেশটি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপ অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর কট্টর সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
অন্যদিকে, গাজায় বাস্তুচ্যুতি জোর করে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে। এতে উপত্যকাটি ছোট ছোট অংশে বিভক্ত হয়ে পড়েছে এবং প্রায় ৮৬ শতাংশ এলাকা ইতোমধ্যে সামরিক নিয়ন্ত্রণে রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ব্যাপক সামরিক সহায়তা দিয়ে আসছে।
















